ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং ২ জুলাই দিল্লিতে এক বৈঠকে বলেন, জেনারেল ইয়াহিয়া খানের সাম্প্রতিক বিবৃতিটি বাংলাদেশের জন্য পাকিস্তান থেকে আলাদা হওয়ার পথ সুগম করে দিয়েছে। তিনিই বাংলাদেশকে পৃথক করে দিচ্ছেন। ইয়াহিয়া খানের দেওয়া বক্তব্য বাংলাদেশের জনগণ নাকচ করে দিয়েছেন। পাকিস্তানের শাসকগোষ্ঠী বাংলাদেশের জনগণের শক্তি ও দৃঢ়তা উপলব্ধি করতে পারেনি।
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এদিন তুমুল বিতর্ক হয়। বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠলেও সরকারপক্ষ থেকে বলা হয়, বর্তমান অবস্থায় বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়া বিজ্ঞোচিত কাজ হবে না। বিতর্কে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং বলেন, ভারত সরকার বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার বিরোধী নয়। উপযুক্ত সময় হলে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেবে ভারত।
ভারত সফররত ব্রিটেনের সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিংয়ের সঙ্গে ২ জুলাই দেখা করে। ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে দলনেতা আর্থার বটমলি সাংবাদিকদের বলেন, পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার ব্যাপারটি তিনি অনুমোদন করেন না।
প্রেসিডেন্ট নিক্সনের প্রধান উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের ভারত সফর সামনে রেখে সিপিআই নেতা হীরেন মুখোপাধ্যায় এদিন এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের কাছে এই বলে আবেদন জানান যে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিক, পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সাহায্য বন্ধ না হলে কিসিঞ্জারের ভারত সফরও অনভিপ্রেত বলে বিবেচিত হবে।
রাজনৈতিক সমাধান জরুরি
হাঙ্গেরির প্রধানমন্ত্রী জেনো ফক ২ জুলাই দেশটির পার্লামেন্টে বলেন, বাংলাদেশের সমস্যার রাজনৈতিক সমাধান শুধু পাকিস্তানের জন্য নয়, বিশ্বের শান্তিপ্রিয় সব মানুষ এবং সরকারের স্বার্থ রক্ষা করবে।
যুক্তরাষ্ট্রের সিনেটর চার্লস এথিয়ান ও সিনেটর বেডফোর্ড মোর্সে পাকিস্তানে নতুন করে সমরাস্ত্র সরবরাহের লাইসেন্স প্রদান বন্ধ এবং মঞ্জুরিকৃত লাইসেন্স বাতিলের জন্য দেশটির সিনেট ও কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করেন।
বাংলাদেশ সরকার সংবিধান তৈরি করবে
আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী এদিন মুক্তাঞ্চল থেকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ইয়াহিয়া খানের বাহিনী বাংলাদেশ থেকে অপসারিত হলে বাংলাদেশের প্রজাতন্ত্রী সরকার সাড়ে সাত কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার মতো সংবিধান তৈরি করবে।
মুক্তিযোদ্ধাদের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার লাতুমুড়ায় অতর্কিত আক্রমণ করলে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়।
চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের আরেকটি দল মতলব থানা আক্রমণ করে। এতে কয়েকজন পাকিস্তানি অনুগত পুলিশ ও পশ্চিম পাকিস্তানি রেঞ্জার হতাহত হয়। সংঘর্ষে একজন মুক্তিযোদ্ধাও শহীদ হন।
সুনামগঞ্জ শহরের কাছে মুক্তিযোদ্ধাদের অন্য একটি দল পাকিস্তানি বাহিনীর একটি টহল দলের ওপর আক্রমণ চালায়। অতর্কিত এই আক্রমণে পাকিস্তানি টহল দলের ব্যাপক ক্ষতি হয়।
পাকিস্তানে ওয়ালি খানের সমালোচনা
পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ওয়ালি) সভাপতি খান আবদুল ওয়ালি খানের সোভিয়েত ইউনিয়ন সফর সম্পর্কে নানা মহলে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই ভ্রমণের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো এদিন কোয়েটায় বলেন, তাঁর দল পাঞ্জাব ও সিন্ধুতে অন্য দলের সাহায্য ছাড়াই এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানে কোয়ালিশন সরকার গড়তে পারবে।
আফগানিস্তানে অবস্থানকারী সীমান্ত গান্ধী খান আবদুল গাফফার খান সর্বোদয় সাধনা পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের বর্তমান শাসনের একমাত্র লক্ষ্য পশ্চিম পাকিস্তানের পুঁজিবাদী ও আমলাতন্ত্রের হাতে ক্ষমতা চিরস্থায়ী করা। তিনি বলেন, বাংলাদেশের জনগণের একমাত্র অপরাধ, তাঁরা বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেছেন।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর দুই ও চার; ইত্তেফাক, ৩ জুলাই; আনন্দবাজার পত্রিকা ও যুগান্তর, ভারত, ৩ ও ৪ জুলাই ১৯৭১
গ্রন্থনা: রাশেদুর রহমান