ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির একটি প্রতিনিধিদল ৫ জুন কলকাতায় সফরে আসা দেশটির প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলকে ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নটি তাঁরা সব সময় বিবেচনা করে দেখছেন। তবে শুধু স্বীকৃতিতেই বিশেষ কোনো লাভ হবে না। প্রতিনিধিদলে ছিলেন জয়নাল আবেদীন, অমিয় দাশগুপ্ত, নির্মল বসু প্রমুখ। তারা শরণার্থীদের সাহায্য এবং অন্য ব্যবস্থার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি উপকমিটি গঠন করে কলকাতায় তার প্রধান কার্যালয় করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
বাংলাদেশের বিপুলসংখ্যক শরণার্থীকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার জন্য ইন্দিরা গান্ধী এই দিন রাজ্যের রাজধানী কলকাতায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের অর্থমন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরাসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
আলোচনা শেষে ইন্দিরা বলেন, শরণার্থীদের সব দায়িত্ব কেন্দ্রের। এই গুরুতর ঘটনার ফলাফল গুরুতর হতে বাধ্য। সারা বিশ্বের এ ঘটনার প্রতিক্রিয়া এখনো পর্যাপ্ত নয় বলেও তিনি মন্তব্য করেন।
ভারতের সরকারি মুখপাত্রের তথ্য থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলোতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। চব্বিশ পরগনা, নদীয়া ও মালদহ জেলায় এর প্রকোপ প্রচণ্ড। ৩ জুন পর্যন্ত ৩ হাজার শরণার্থী কলেরায় মারা গেছেন।
সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক বিবৃতিতে জানান, পশ্চিম পাকিস্তানের বিপ্লবী নেতা তারিক আলী বাংলাদেশের বিপ্লবকে এগিয়ে নেওয়ার সম্ভাব্য দিক নিরূপণের জন্য কলকাতায় এসেছিলেন। কলকাতায় তিনি বাংলাদেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং বিপ্লবী মার্ক্সবাদে বিশ্বাসী নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেন। ইয়াহিয়া খানকে চীনের সমর্থনের বিষয়ে প্রকাশ্যে নিন্দাও করেন তিনি।
বিশ্বমঞ্চে মুক্তিযুদ্ধ
৫ জুন ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় রেহমান সোবহানের একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে তিনি মুজিব–ইয়াহিয়া আলোচনার পটভূমি ব্যাখ্যা করেন। তিনি বলেন, সম্ভবত ১ থেকে ৬ মার্চের মধ্যে পূর্ববঙ্গে গণহত্যা সংঘটনের পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দ্য টেলিগ্রাফ পত্রিকায় আগের দিন প্রকাশিত এক নিবন্ধে রেহমান সোবহান পাকিস্তানে বিদেশি সাহায্য বন্ধ রাখার পক্ষে যুক্তি দেন।
নিউইয়র্ক টাইমস এই দিন সিডনি শনবার্গের একটি প্রতিবেদন প্রকাশ করে। সিডনি শনবার্গ লেখেন, পশ্চিমবঙ্গে সরকারি হিসাবে কলেরায় মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ হলেও বাস্তবে সংখ্যাটি সম্ভবত ৫ হাজার ছাড়িয়েছে।
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রায় তিন হাজার প্রবাসী বাঙালি এজবাস্টন মাঠে বিক্ষোভ করেন। পাকিস্তান ক্রিকেট দলের খেলা উপলক্ষে এই দিনের বিক্ষোভ ছিল বৃহত্তম। বিক্ষোভে অনেক নারীও ছিলেন। বিক্ষোভকারীরা বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদে রক্তরঞ্জিত কুশপুত্তলিকা হাতে নিয়ে মাঠের প্রবেশপথে দাঁড়িয়ে ছিলেন। এই প্রতিবাদ দর্শক ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।
জাতিসংঘ জানায়, পূর্ব পাকিস্তানে জাতিসংঘের ত্রাণদলের সঙ্গে যৌথভাবে কাজ করতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাজি হয়েছেন। আগের দিন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘের সহকারী মহাসচিব ইসমত কিতানি রাওয়ালপিন্ডিতে আলোচনার সময় ইয়াহিয়া খান তাঁর সম্মতির কথা জানান।
নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া ওষুধ, ত্রাণসামগ্রীসহ পূর্ব পাকিস্তানের শরণার্থীদের জন্য অর্থসাহায্য দেওয়ার ঘোষণা দেয়।
পাকিস্তান ও অবরুদ্ধ বাংলাদেশে
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ এই দিন ২৩ নম্বর সামরিক আদেশ জারি করে। এ আদেশে ঘোষণা করা হয়, কোনো সংস্থায় কর্মরত ব্যক্তির চাকরির শর্তে অন্তর্ভুক্ত না থাকলেও সামরিক কর্তৃপক্ষ বা প্রাদেশিক সরকার দেশ কিংবা দেশের বাইরে যেকোনো স্থানে তাকে পাঠাতে পারবে।
মাগুরায় শ্রীপুরবাহিনী বা আকবর বাহিনীর মুক্তিযোদ্ধারা এই দিন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার রামদিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম সহযোগী চাঁদ খাঁর বাড়িতে অভিযান চালায়। তাঁরা চাঁদ খাঁ এবং তার সহযোগীদের খতম করতে সক্ষম হন। পরদিন (৭ জুন) স্বাধীন বাংলা বেতারকেন্দ্র মুক্তিবাহিনীর এই সফল অভিযানের খবরটি প্রচার করে।
মুক্তিযোদ্ধাদের অন্য একটি দল পাকিস্তানি সেনাদের চলাচলে বাধা দিতে লাকসাম-চাঁদপুর রেলপথে জমজমা রেলওয়ে সেতু ধ্বংস করে দিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
মহামায়া বাজারের কাছে মুক্তিযোদ্ধারা আরেকটি সড়কসেতু ধ্বংস করে পাকিস্তানি বাহিনীর সড়কপথে চাঁদপুর-কুমিল্লা যাতায়াত বিচ্ছিন্ন করে।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর এক, দুই ও আট; মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি: যুক্তরাজ্য, আবদুল মতিন, সাহিত্য প্রকাশ; পূর্বদেশ ও দৈনিক পাকিস্তান, ৬ ও ৭ জুন ১৯৭১; আনন্দবাজার পত্রিকা ও যুগান্তর, ভারত, ৬ জুন ১৯৭১।
গ্রন্থনা: রাশেদুর রহমান