স্বাধীনতা দিবস-২৬ মার্চ
বৃষ্টি
নাদিরা মজুমদারকে
খররৌদ্রময় এই দিন-
শ্যামল বাঙলায় বুঝি অকস্মাত্ নেমে আসে খরা!
খরতাপে রুদ্ধশ্বাস ক্ষুদ্র এই গ্রামীণ শহর,
এরকম এই দিনে চেতনায়ও খরার প্রদাহ-
নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী যেন বিরক্ত, বিব্রত;
এরকম দুঃসময়ে এল বৃষ্টির শব্দের মতো
সুখকর এই পত্র-প্রাগের প্রাচীর থেকে উড়ে!
কূপিত, বিব্রতকর এই রোদে খামটি খুলিনি,
আমি তো অপেক্ষা জানি : এই খররৌদ্রে কখনো কি
প্রিয় বান্ধবীর লেখা চিঠি খোলা চলে?
অতএব, রেখে দিই যত্ন করে নিজস্ব ড্রয়ারে!
২৭ মার্চের রাতে অকস্মাত্ বৃষ্টি নেমে এল-
যেন দীর্ঘদিন পর হঠাত্ হারিয়ে যাওয়া আমার সন্তান
ঘরে ফিরে এল। বাইরে এখন বৃষ্টি-
বৃষ্টির স্নিগ্ধতা বহুদিন পর যেন
আমার হূদয়ে প্রীত মধ্যযুগ ভরে দিয়ে গেল!
এখনো বাইরে বৃষ্টি : জানালায় জলের প্রপাত-
এই বুঝি প্রকৃষ্ট সময় যখন প্রশান্ত মন,
হূদয়ে যখন আর খেদ নেই, কোনো, ভারাতুর
নয় আর মন, ক্রোধ নেই, ঘৃণা নেই-অবিশ্বাস্য
শান্তিপ্রিয় আজ এই মাঞ্চুরীয় রাখাল বালক-
হূদয়ে কোনোই শোক নেই শোকানুভূতিও নেই-
অসম্ভব শান্ত আজ-সমাহিত-আমার হূদয়!
নষ্ট করে ফেলে দেয়া জীবনের জন্যে নেই কোনো
শোচনা ও তাপ;-বৃষ্টির সৌগন্ধ্যে ভরে আছে মন!
মনে হচ্ছে আমার মতন সুখী কেউ নেই আর
পৃথিবীর কোনো প্রান্তে সাতাশে মার্চের এই রাতে!
২.
এখন আপনার চিঠি খোলা যায় এই পরিবেশে :
এ কী করেছেন! খামে ভরে কেউ কারুকে পাঠায়
গোবি-সাহারার দীর্ঘ হাহাকার, চীনের প্রাচীর?
স্তব্ধ হয়ে থাকি চিঠি পড়ে : সারাটা দুনিয়া জুড়ে
মানুষের এত দুঃখ,-এর থেকে পরিত্রাণ নেই?
-বৃষ্টির প্রপাত শুনে, গাছের সবুজে চোখ রেখে
শিশুদের গালে চুমো খেয়ে আমরা পারি না ফের
এই দুঃখী গ্রহটির অন্তর্গত অসুখ সারাতে?
সূত্র: ২৬ মার্চ ২০০৪ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার বিবরণ ও সরকারের পরিকল্পনা জানালেন হুমায়ুন কবির
-
রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়: রিজভী
-
ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
-
দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ
-
৩০০ ফুটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল