স্বাধীনতা দিবস-২৬ মার্চ
জন্ম দিবে ক্রমান্বয়ে
বহু দূর থেকে দেখছি বাড়িটা যেন
আমার নয়। অথচ বহুদিন যাবত
এই একই সামান্য দালানকে নিজের
বাসা বলেই জেনে এসেছি।
তবু আমি কেন জানি পাড়ার
এক ভদ্রলোককে জিগ্যেস করলাম, বলুন তো
ভাই, অমুক ভদ্রলোকের বাড়িটা
কোন দিকে পাওয়া যাবে? ভদ্রলোক
আমার দিকে খানিক তাকিয়ে মুখে বিরক্তি
ফুটিয়ে গেলেন দ্রুত হেঁটে, যেন তিনি বসবেন
কমোডে! আমি হাসবো না কাঁদবো
স্থির করতে না পেরে সুস্থির রইলাম দাঁড়ানো।
বাসায় ফিরে বিছানায় এলিয়ে গা খানিক
আশেপাশের পরিচিত ব্যক্তির মানসিক
চিন্তাধারা আমাকে বেশ কিছুটা
ভাবিয়ে তোলে। হায়, তবে কি
আমি এমনই পরিবেশে আরো, আরো, আরো
বেশি কাল কাটিয়ে যাবো? এতকাল এই শাস্তি ভুগবো?
আসলে এমন ভাবনা মনে ঠাঁই দিতে নেই
কস্মিনকালেও। সারাক্ষণ মনে ভেবে
নিতে হবে—যা’ ঘটে ঘটুক, আমি নিজে
আমার আপনমনে গড়ে নেবো সুন্দর এলাকা,
যার আভা অন্যদের আলোকিত করে
জন্ম দিবে ক্রমান্বয়ে ভিন্ন এক শুভ পৃথিবীকে।
১৭.০৩.২০০৬
সূত্র: ২৬ মার্চ ২০০৬ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন