বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের তালিকা
আবদুল্লাহ-আল-মাহমুদ, বীর প্রতীক
গ্রাম কাকিলাকুড়া, শ্রীবরদী, শেরপুর। বর্তমান ঠিকানা সড়ক-১৯, সেক্টর-১২, উত্তরা, ঢাকা।
বাবা মফিজল হক, মা রোকেয়া হক।
স্ত্রী ডা. কামরুন্নেসা। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।
খেতাবের সনদ নম্বর ৪০৫।
রাত সাড়ে তিনটা। একসঙ্গে গর্জে উঠল অস্ত্র। গোলাগুলির শব্দে গোটা এলাকা প্রকম্পিত। চারদিকে বারুদের উত্কট গন্ধ। ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মুক্তিযোদ্ধারা এগিয়ে যাচ্ছেন শত্রুর বাংকার লক্ষ্য করে। তাঁদের সঙ্গে আছে মিত্রবাহিনীর রাজপুত রেজিমেন্ট। সব মিলিয়ে তাঁদের সংখ্যা প্রায় ৮০০। একটি দলের নেতৃত্বে আবদুল্লাহ-আল-মাহমুদ। তিনি কাট অফ পার্টির দায়িত্বে। সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ সেদিন একে একে ভেঙে পড়ে। একপর্যায়ে হাতাহাতি যুদ্ধ শুরু হয়। পাকিস্তানি সেনাদের পালিয়ে যাওয়ার পথ ছিল রুদ্ধ। ভোর পাঁচটায় তাদের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে যায়। সেদিনকার যুদ্ধে পাকিস্তানি বাহিনীর একজন ছাড়া সবাই নিহত হয়। অন্যদিকে মুক্তিবাহিনীর ১৯ জন ও মিত্রবাহিনীর ৫৬ জন শহীদ হন।
এ ঘটনা ১৯৭১ সালের অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে। ঘটেছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলিখালীতে। এটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী একটি গ্রাম। এখানে ছিল পাকিস্তানি সেনাদের দুর্ভেদ্য একটি ঘাঁটি। প্রতিরক্ষায় ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ৩৩ পাঞ্জাব রেজিমেন্টের ১২৫ জন সেনাসদস্যের পাশাপাশি বেশ কিছু রেঞ্জার্স ও রাজাকার। সব মিলিয়ে তাদের সংখ্যা ২৩৭। দূরে বাঘাইতলীতে ছিল তাদের গোলন্দাজ বাহিনীর একটি দল।
আবদুল্লাহ-আল-মাহমুদ ১৯৭১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্থানীয় প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। পরে তাঁদের সঙ্গে ভারতের ঢালুতে গিয়ে আশ্রয় নেন। এখানে তাঁরা নিজেদের চেষ্টায় একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। জুনের পর তাঁদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। আগস্টে তাঁকে ১১ নম্বর সেক্টরের ঢালু সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই সাব-সেক্টরের অপারেশনাল এলাকার আওতায় ছিল হালুয়াঘাট, ঢালু ও ময়মনসিংহ সড়ক এলাকা। এসব এলাকায় আগস্ট থেকে অনেক যুদ্ধ হয়। কয়েকটিতে তিনি সরাসরি অংশ নেন।
সূত্র: একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, প্রথম খণ্ড, প্রথমা প্রকাশন, ঢাকা ২০১২
সম্পাদক: মতিউর রহমান, সংগ্রহ ও গ্রন্থনা: রাশেদুর রহমান
Also Read
-
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
-
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
-
মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, লাগতে পারে কৃত্রিম অঙ্গ
-
জেমস এর দেড় ঘণ্টা
-
মঞ্চে দ্যুতি ছড়ালেন তারকারা